লেবানন সীমান্তসংলগ্ন উত্তর ইসরায়েলে বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আগে থেকে পড়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ থেকে বিস্ফোরণটি ঘটেছে। এ ঘটনার পর অধিকৃত পশ্চিম তীরে নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (১২ অক্টোবর) সকালে উত্তর ইসরায়েলের মানারা ও ইফতাহ বসতির মধ্যবর্তী রামিম রিজ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, নে’ওত মর্দেখাই সম্প্রদায়ের বসতির কাছাকাছি ছিল বিস্ফোরণস্থল।
খবর পেয়ে ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠায়। সংস্থাটির চিকিৎসাকর্মীরা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যান। তুলনামূলক কম আহত কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।
বিস্ফোরণের পর কিরিয়াত শমোনা জেলার পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়। বিস্ফোরণের উৎস শনাক্ত করতে কাজ করছেন বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা। ইসরায়েলি সামরিক বাহিনীও সেখানে সেনাসদস্য ও হেলিকপ্টার পাঠিয়েছে।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নূর ওদেহের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি লেবানন সীমান্তবর্তী উত্তর ইসরায়েলে চলমান সামরিক তৎপরতার ঝুঁকির বিষয়টি আবার সামনে এনেছে। গত তিন বছরে ওই অঞ্চলে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ফলে অবিস্ফোরিত গোলাবারুদ থেকে এমন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বিস্ফোরণের পর নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরও নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
২০২৩ সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালাতে শুরু করে। সংঘাতের কারণে ওই অঞ্চলের কয়েক হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন।
পরবর্তী সময়ে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে মার্চে নতুন করে সংঘাত শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে দক্ষিণ লেবাননের কিছু এলাকা দখলে নেয় ইসরায়েলি বাহিনী। উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চল থেকে লেবাননে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহও সীমান্তের ওপার থেকে মাঝেমধ্যে রকেট নিক্ষেপ করছে।
নূর ওদেহ জানান, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে উত্তর ইসরায়েলের অনেক বাসিন্দা এখনো নিজেদের এলাকায় ফিরে যাননি। তাঁদের একাংশের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সক্ষমতা নিয়েও আস্থার সংকট রয়েছে।
এমএ
