লালমনিরহাটে লক্ষাধিক তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
লালমনিরহাটে লক্ষাধিক তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
লালমনিরহাট, ২২ অক্টোবর: জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ মানুষকে খাদ্য ও আশ্রয় দেয়, ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
বৃহস্পতিবার লালমনিরহাটের ডিসি পার্কে ‘বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’ স্লোগানে জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। এ লক্ষ্য সামনে রেখে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলামসহ শতাধিক স্বেচ্ছাসেবী।
পরে মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউসে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

