মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
বিশেষ প্রতিনিধি:
- আপলোডের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
মাগুরায় বাস কাউন্টারের ভেতরে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে এ ঘটনা ঘটে। নিহত শাকের হোসেন শহরের পারনান্দুয়ালি গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে। তিনি ওই কাউন্টারে মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাস টার্মিনালে আসেন। একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করেন। অপরজন কাউন্টারের ভেতরে ঢুকে শাকের হোসেনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত বেরিয়ে যান। পরে দুজনই মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
গুলির শব্দে কাউন্টারের ভেতরে শাকের হোসেন লুটিয়ে পড়েন। প্রথমে উপস্থিত লোকজন তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করলেও পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. মাইনুল হাসান জানান, পরীক্ষার পর শাকের হোসেনের মাথার পেছনে গুলির ক্ষত পাওয়া যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বিশেষজ্ঞ দল কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
ফেসবুকে আমরা..
