ছবি: সংগৃহীত
দেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। উদ্ধার করা সোনার মধ্যে রয়েছে রান্নার সরঞ্জামের ভেতরে লুকানো সোনার বার এবং দুই যাত্রীর শরীরে বহন করা সোনার পেস্টের ছয়টি ডিম্বাকৃতির পিণ্ড। এসব ঘটনায় দুই যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
চট্টগ্রাম বিমানবন্দরে সকাল ৭টার দিকে আবুধাবি থেকে আসা এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁর ওপর নজরদারি শুরু করেন শুল্ক গোয়েন্দারা। কামরুল ইসলাম নামের ওই যাত্রী একটি উড়োজাহাজে করে দেশে পৌঁছান। তিনি সঙ্গে থাকা ১০০ গ্রাম সোনার গয়নার ঘোষণা দিলেও অতিরিক্ত সোনা থাকার কথা অস্বীকার করেন।
পরে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় রান্নার ফ্রাইপ্যান ও সবজি কাটার যন্ত্রের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা চারটি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলোর মোট ওজন ৪৬৬ গ্রাম। ঘোষিত ১০০ গ্রাম সোনার গয়নাসহ ওই যাত্রীর কাছ থেকে সব মিলিয়ে ৫৬৬ গ্রাম সোনা পাওয়া যায়। উদ্ধার করা সোনার শুল্ক ও করসহ আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই যাত্রীর কাছ থেকে অস্বাভাবিক উপায়ে লুকিয়ে রাখা সোনার পেস্ট উদ্ধার করা হয়। তল্লাশিতে তাঁদের প্রত্যেকের কাছ থেকে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির পিণ্ড পাওয়া যায়। প্রাথমিক হিসাবে এগুলোর মোট ওজন দুই কেজি ৭৩৪ গ্রাম। এসব পিণ্ডের আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।
তবে উদ্ধার করা সোনার পেস্টের প্রকৃত মূল্য এখনো চূড়ান্ত হয়নি। পিণ্ডগুলো যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষা করে এর মধ্যে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্ধারণ করা হবে। পরীক্ষার ফল পাওয়ার পরই প্রকৃত সোনার ওজন ও মূল্য নিশ্চিত করা সম্ভব হবে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি এবং ঝুঁকিপূর্ণ যাত্রীদের তল্লাশির মাধ্যমে সোনা চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে সোনা আনার চেষ্টা ঠেকাতে এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।
মাতৃভূমির খবর
- বিষয়:
- বিমানবন্দর

