গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, সকাল ১০টার দিকে লাগা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার ইউনিট-২ এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কারখানার বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ওষুধ কারখানাটির দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য জানা যায়নি। সেই সঙ্গে ক্ষতির পরিমাণের বিষয়ে নিশ্চিত তথ্য মিলেনি।
