রাজশাহী, নওগাঁ, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় গরু চুরির অন্যতম এক হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. উজ্জ্বল (৩২)। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শালদহ গ্রামে। পুলিশ বলছে, রাজশাহীর চার জেলায় গরু চোর সিন্ডিকেটের অন্যতম হোতা এই উজ্জ্বল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। তার বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ, নাটোরের বিভিন্ন থানায় সাতটি মামলা আছে। গত ১৮ সেপ্টেম্বর কৃষকের তিনটি গরু চুরির ঘটনায় গোদাগাড়ী থানার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উজ্জ্বলের পিকআপ ভ্যান আছে। গভীর রাতে উজ্জ্বল ওই পিকআপ চালিয়ে চোরের দলের সদস্যদের বিভিন্ন স্থানে নিয়ে যান। ১৮ সেপ্টেম্বর রাতে নারায়ণপুর গ্রামে কৃষকের বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনার তদন্ত করতে গিয়ে তারা ভিডিও ফুটেজে এই পিকআপ দেখেন।
এরপর অনুসন্ধান করে উজ্জ্বলকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে পিকআপ নিয়ে যাওয়ার সময় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পিকআপটিও জব্দ করা হয়েছে। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
এর আগে সম্প্রতি জসিম উদ্দিন নামের এক কশাইকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। নারায়ণপুর গ্রাম থেকে চুরি করা গরু তিনটি তার কাছেই বিক্রি করা হয়েছিল। কশাই জসিমের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধরমপুরে।
