ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সঙ্গে অতীতে তার ‘মতবিরোধ’ ছিল বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সাবেক হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইসারের সঙ্গে আলাপে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর নিশ্চিত করে।
সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, এমনকি আপনি যদি কোনো একটি সুনির্দিষ্ট নীতিতে প্রেসিডেন্টের সঙ্গে একমত হতে না পারেন, তাহলেও আপনার সেই ভিন্ন মত রাখার সুযোগ রয়েছে। এবং আমি মনে করি, ওই একটি ইস্যুতে আমারও তার সঙ্গে মতবিরোধ ছিল।
ইরান যুদ্ধের তীব্র সমালোচনা করে আসা ডানপন্থি রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক ট্রাম্প সমর্থক টাকার কার্লসনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে ভ্যান্স এমন মন্তব্য করেন। তিনি জানান, ইরান যুদ্ধ নিয়ে টাকার কার্লসন ‘খুবই ক্ষুব্ধ’ ছিলেন।
কার্লসনের সঙ্গে তার আলোচনার কথা স্মরণ করে ভ্যান্স বলেন, ব্যক্তিগত ও প্রকাশ্যে— উভয় ক্ষেত্রেই তার সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে। তিনি কী অনুভব করছেন তা আমি জানি এবং আমি তার মনোভাব বুঝতে পারি।
কার্লসনকে ট্রাম্পের ইতিবাচক কাজগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ভ্যান্স বলেন, আমি টাকারকে বলেছি, সামান্য কারণে মূল বিষয়টি ত্যাগ করা ঠিক নয়। মার্কিন সীমান্ত বন্ধ করা কিংবা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে শ্বেতাঙ্গবিরোধী বৈষম্য বন্ধের মতো বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যে অনেক ভালো কাজ করেছেন— তা কি স্বীকার করে নেওয়া উচিত নয়?
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়ে ডানপন্থি বিশ্লেষকদের একাংশের তীব্র বিরোধিতার মুখে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের মধ্যকার নীতিগত ফারাক নিয়ে মার্কিন রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে।
