মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান), গাইবান্ধা জেলা প্রতিনিধি :
কিছু অসাধু ও সন্ত্রাসী চক্র কর্তৃক ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত, কুরুচিপূর্ণ ভাষায় পোস্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা কনটেন্ট তৈরির অভিযোগ এনে প্রথমে গাইবান্ধা সদর থানায় জিডি ও পরে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা'য় সংবাদ সম্মেলন করেছেন আসিফ ফয়সাল লেলিন। ১৪ সেপ্টেম্বর রবিবার সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মোঃ লাক সাব্বির (রাব্বি) নামের এক যুবক পূর্বের পারিবারিক শত্রুদের ইন্দনে শত্রুতার জেরে এসব অপপ্রচার শুরু করে। পরে আরও কয়েকজন এতে যুক্ত হয়। তারা লেলিনকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয় যার অডিও প্রমাণ তার কাছে সংরক্ষিত আছে।
তারা লেলিনের ব্যক্তিগত হার্ডডিস্ক ও অন্যান্য জিনিসপত্র চুরি করেছে এবং তার শৈশবের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে তাদের প্রত্যেকের পরিবারের সম্মানহানি ঘটছে।
এ বিষয়ে ১৩ সেপ্টেম্বর গাইবান্ধা থানায় অনলাইন জিডি করেন। লিখিত বক্তব্যে লেলিন আরো জানান, যদি এসব অপকর্ম অবিলম্বে বন্ধ না হয়, তবে তিনি বাধ্য হবেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করতে।
একই সাথে তিনি অপপ্রচারকারী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।
