নিজস্ব প্রতিবেদক · ২৪ অক্টোবর, ২০২৬ ১:২১ অপরাহ্ন
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে টাকা গণনা করতে গিয়ে পাওয়া গেছে বিএনপির সাংগঠনিক নিয়ম পরিবর্তনের প্রস্তাবসংবলিত একটি চিঠি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা চিঠিতে দলের সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কথা বলা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্স ও ডেকচিতে জমা হওয়া টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এ দিন পঞ্চমবারের মতো প্রকাশ্যে দানের টাকা গণনা করা হয়। চিঠিতে লেখকের নাম-পরিচয় উল্লেখ নেই।
চিঠিতে বিএনপির সদস্য হওয়ার ক্ষেত্রে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ এবং কর্মী হওয়ার ক্ষেত্রে এইচএসসি পাস ও জিপিএ ৩.৫ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির সঙ্গে যুক্ত না করার কথাও বলা হয়েছে এতে।
লেখক চিঠিতে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হওয়ার পর একসময় সরে দাঁড়ানোর কথা উল্লেখ করে দলের সাংগঠনিক কাঠামো ও পরিবর্তন নিয়ে নিজের কিছু প্রত্যাশার কথা জানিয়েছেন। চিঠির শেষ দিকে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you.....’।
তবে চিঠির লেখক কে, তিনি বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কি না কিংবা প্রস্তাবগুলো কোনো সাংগঠনিক উদ্যোগের অংশ কি না, তা জানা যায়নি। চিঠিতে এসব বিষয়ে বিস্তারিত পরিচয়ও দেওয়া হয়নি।
মাজারের দানবাক্সে টাকা, বিদেশি মুদ্রা ও বিভিন্ন আবেদনপত্রের পাশাপাশি মাঝেমধ্যে ব্যক্তিগত চিঠিও পাওয়া যায়। এবার দানের টাকা গণনার সময় বিএনপির সাংগঠনিক নিয়ম নিয়ে লেখা চিঠিটি পাওয়া গেল।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় দানের অর্থ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যবহার করা হবে দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে।
গুগলে আমাদের খবর পেতে
