বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে আবারও পরিবর্তন এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী শামার স্প্রিঙ্গার। এখনও টেস্ট অভিষেক না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞ এই অলরাউন্ডারের সামনে এবার সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের হাতছানি।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে স্কোয়াডে এই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ক্যারিবীয়রা। তবে ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলা কিমো পলকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরে যেতে হচ্ছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।
টেস্ট ক্রিকেটে এখনও অভিষেক না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন স্প্রিঙ্গার। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বল হাতে নিয়েছেন সাত উইকেট। এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন এই অলরাউন্ডার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে স্প্রিঙ্গারের সংগ্রহ ১ হাজার ৪৩ রান, ব্যাটিং গড় ৩২.৫৯। বল হাতে ২৭.৮৭ গড়ে তার শিকার ৫৮ উইকেট। ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে চার ম্যাচে করেছেন ২৫১ রান। পাশাপাশি আট ইনিংসে নিয়েছেন সাত উইকেট।
কিমো পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে চোটের কারণে তাদের কাউকেই পাওয়া যায়নি বলে জানিয়েছে সিডব্লিউআই।
এর আগে চোটের ঝুঁকি এড়াতে পেসার আলজারি জোসেফকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিমো পলকে। এবার পলের বিদায়ে সেই জায়গায় এলেন স্প্রিঙ্গার।
বাংলাদেশ সফরে আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে, ৫ থেকে ৯ নভেম্বর।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের নতুন স্কোয়াড : রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।
