ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ দেশে এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা বন্দর দিয়ে রেলকোচগুলো বাংলাদেশে পৌঁছে। গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনের কর্মকর্তারা।
রেলকোচগুলোর মধ্যে রয়েছে ১১টি নন এসি শোভন চেয়ার কার, ৩টি এসি চেয়ার কার, ২টি এসি স্লিপার কার এবং ২টি এসি পাওয়ার কার।
১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠায় ভারত। এরপর পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থানের পর শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের গেট বন্দর দিয়ে বাংলাদেশের দর্শনায় পৌঁছে।
বাংলাদেশের দর্শনায় কাস্টম ক্লিয়ারেন্সসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে কোচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে ছেড়ে যাবে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, কোচগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে। এতে রেলওয়ের যাত্রীসেবা বাড়বে।
পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো আজ দর্শনা বন্দরে ঢুকল। এরপর সৈয়দপুর রেলকারখানায় নেওয়া হবে। সেখানে ট্রায়াল রান করা হবে। তারপর বলা যাবে, কোচগুলো কেমন হয়েছে।
২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক সার্ভিসেস লিমিটেডের চুক্তি অনুযায়ী ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলওয়ে কোচ সরবরাহের প্রথম চালান এটি।
