ইন্টারনেটের বড় একটি অংশের ভিত্তি হিসেবে ব্যবহৃত প্রযুক্তিতে এক দশকেরও বেশি সময় ধরে লুকিয়ে ছিল গুরুতর নিরাপত্তাত্রুটি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ত্রুটিগুলো শনাক্ত করার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বুধবার ত্রুটিগুলো প্রকাশ্যে আসার পর বিভিন্ন দেশের সরকার ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলো ঝুঁকি মোকাবিলায় তৎপর হয়েছে। ওয়েবসাইট পরিচালকদের দ্রুত নিরাপত্তা হালনাগাদ বা প্যাচ ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ত্রুটি সারানো সম্ভব না হলে সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের গবেষকেরা ত্রুটিগুলো শনাক্ত করেন। প্রতিষ্ঠানটি এগুলোকে এআইয়ের মাধ্যমে শনাক্ত হওয়া এ যাবৎকালের সবচেয়ে গুরুতর নিরাপত্তাত্রুটিগুলোর মধ্যে অন্যতম বলে বর্ণনা করেছে। আর ত্রুটি শনাক্তে ব্যবহৃত প্রযুক্তির নির্মাতা ওপেনএআই একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা সমস্যাগুলোর একটি বলে অভিহিত করেছে।
ঝুঁকিতে পিএইচপিনির্ভর ওয়েবসাইট
নিরাপত্তাত্রুটিগুলো রয়েছে পিএইচপি নামের একটি প্রোগ্রামিং ভাষায়। ২০০০-এর দশক থেকে ওয়েবসাইট তৈরিতে বিশ্বজুড়ে ব্যবহৃত হয়ে আসছে এই ভাষা। অনলাইন কেনাকাটার সাইট, উইকিপিডিয়া এবং ওয়ার্ডপ্রেসের মতো বহুল ব্যবহৃত ওয়েবসাইট ব্যবস্থাপনা ব্যবস্থায় পিএইচপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গরিলা সাইবার সিকিউরিটির প্রধান নির্বাহী পল স্পেন বিবিসিকে বলেন, কেউ উইকিপিডিয়ার মতো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পাঠযোগ্যভাবে উপস্থাপন করার কাজ করে পিএইচপি।
কিন্তু শনাক্ত হওয়া ত্রুটির কারণে আক্রান্ত ওয়েব সার্ভারগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে সাইবার হামলাকারীরা। এ ক্ষেত্রে আগে থেকে অনুমোদিত প্রবেশাধিকার ছাড়াই সার্ভারে ঢুকে সংবেদনশীল তথ্য চুরির আশঙ্কা রয়েছে। পিএইচপিনির্ভর বিপুলসংখ্যক ওয়েবসাইট এ কারণে ঝুঁকিতে পড়েছে।
স্পেনের ধারণা, এ ত্রুটির প্রভাব পড়তে পারে লাখ লাখ ওয়েবসাইটে। এআইয়ের সহায়তায় এ ধরনের হামলা আরও দ্রুত ও সহজে চালানো সম্ভব হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা গবেষক জিল স্লে বলেন, হ্যাকার বা কোনো দেশ এ ত্রুটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ওয়েবসাইট থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিলে তা বিপর্যয়কর হতে পারে।
সতর্কতায় বন্ধ বিভিন্ন ওয়েবসাইট
নিরাপত্তাঝুঁকির কারণে বিশ্বজুড়ে বিভিন্ন সেবা ব্যাহত হয়েছে। উইকিপিডিয়ার পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের কয়েকটি ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
ফিনল্যান্ড সরকার, এডিনবরা সিটি কাউন্সিল এবং বিবিসিও তাদের কিছু ওয়েবসাইট বা পৃষ্ঠা সাময়িকভাবে বন্ধ রেখেছে। নেদারল্যান্ডসের সাইবার নিরাপত্তা সংস্থাও নিজেদের ওয়েবসাইট বন্ধ করেছে। স্কটল্যান্ডের কয়েকটি স্থানীয় সরকার ও স্বাস্থ্য সংস্থাও একই পদক্ষেপ নিয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই এমন ওয়েবসাইটগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে সীমিত নিরাপত্তা বাজেট নিয়ে পরিচালিত ছোট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষক সালিল কানহেরে বলেন, ত্রুটিগুলোর কারিগরি বিবরণ এখন প্রকাশ্যে আসায় আগামী কয়েক সপ্তাহে সেগুলো কাজে লাগিয়ে হামলার চেষ্টা বাড়তে পারে।
দ্রুত নিরাপত্তা হালনাগাদের নির্দেশ
বছরের পর বছর ধরে সফটওয়্যারে লুকিয়ে থাকা ত্রুটিগুলো সারাতে বুধবার পিএইচপির উন্নয়নকারীরা নিরাপত্তা প্যাচ প্রকাশ করেছেন। পিএইচপি কর্তৃপক্ষ সব ব্যবহারকারীকে দ্রুত সফটওয়্যার হালনাগাদ করার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) পিএইচপি ব্যবহারকারী সব প্রতিষ্ঠানকে অবিলম্বে ত্রুটি সারানোর নির্দেশ দিয়েছে। তা সম্ভব না হলে সংশ্লিষ্ট ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাদের সতর্কবার্তায় বলা হয়েছে, এ ত্রুটির মাধ্যমে কোনো ব্যবস্থার তথ্যভান্ডারে প্রবেশের সরাসরি সুযোগ তৈরি হতে পারে।
যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রও একই ধরনের পরামর্শ দিয়েছে। পাশাপাশি, হামলাকারীরা ব্যবস্থায় গোপন প্রবেশপথ বা ‘ব্যাকডোর’ তৈরি করেছে কি না, তা পরীক্ষা করতে বলেছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলোও সতর্কতা জারি করেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পিএইচপি ব্যবহার করা হচ্ছে কি না, তা যাচাই করতে জনসাধারণের জন্য উন্মুক্ত ওয়েবসাইটগুলোর পরিচালকদের প্রতি আহ্বান জানিয়েছেন। দ্রুত নিরাপত্তা প্যাচ প্রয়োগ করা সম্ভব না হলে ঝুঁকি কমাতে সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রাখার কথাও বলেছেন তিনি।
ত্রুটি খুঁজে দিয়েছে এআই
ক্যালিফ ও উইজের গবেষকেরা উন্নত এআই সরঞ্জাম ব্যবহার করে ত্রুটিগুলো শনাক্ত করেন। এসব সরঞ্জাম মানুষের তুলনায় কিংবা পুরোনো প্রযুক্তির চেয়ে দ্রুত সফটওয়্যারের কোড বিশ্লেষণ করে দুর্বলতা খুঁজে বের করতে পারে।
কানহেরে বলেন, আধুনিক সফটওয়্যার অত্যন্ত জটিল হওয়ায় কিছু নিরাপত্তাত্রুটি বছরের পর বছর অশনাক্ত থেকে যেতে পারে। তার ভাষায়, মূল ত্রুটিগুলো নতুন নয়; পরিবর্তন এসেছে সেগুলো খুঁজে বের করার সক্ষমতায়।
অনলাইনে ত্রুটিগুলোর বিবরণ ফাঁস হয়ে যাওয়ায় পিএইচপির উন্নয়নকারীদের দ্রুত নিরাপত্তা সতর্কতা প্রকাশ করতে হয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনও জানিয়েছে, বিষয়টি প্রকাশ্যে আসার কয়েক দিন আগে তাদের ব্যবস্থায় একাধিকবার হামলার চেষ্টা হয়েছিল। তবে সম্ভাব্য হামলাকারীরা কীভাবে ত্রুটির বিষয়ে জানতে পেরেছিল, তা জানা যায়নি।
ওপেনএআই বলেছে, ঘটনাটি দেখিয়েছে এআই যেমন নিরাপত্তাত্রুটি শনাক্ত করতে পারে, তেমনি হামলাকারীদের দ্রুত আক্রমণাত্মক সরঞ্জাম ও হামলার কৌশল তৈরিতেও সহায়তা করতে পারে। প্রতিষ্ঠানটি পিএইচপি ব্যবস্থার নিরাপত্তা যাচাইয়ের জন্য একটি কর্মসূচিও প্রকাশ করেছে।
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাইবার গবেষণা কেন্দ্রের রায়ান কো বলেন, অতীতে সফটওয়্যার তৈরির ক্ষেত্রে নিরাপত্তার চেয়ে কার্যকারিতাকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে এ ধরনের অনেক ত্রুটি তৈরি হয়েছে।
সতর্ক থাকতে হবে ব্যবহারকারীদেরও
বিশেষজ্ঞরা ওয়েবসাইট পরিচালকদের পিএইচপির সর্বশেষ সংস্করণ ব্যবহার এবং নিরাপত্তা হালনাগাদ নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা আগামী কয়েক সপ্তাহ বাড়তি সতর্কতা বজায় রাখা এবং সফটওয়্যার নির্মাতাদের হালনাগাদসংক্রান্ত নির্দেশনা অনুসরণের ওপর জোর দিয়েছে।
তবে নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব ওয়েবসাইট পরিচালকদের হলেও ব্যবহারকারীদেরও সতর্ক থাকতে হবে বলে মনে করেন কানহেরে। আক্রান্ত কোনো সেবা থেকে পাসওয়ার্ড পরিবর্তন বা অন্য নিরাপত্তামূলক পদক্ষেপের নির্দেশনা এলে তা অনুসরণ করতে হবে।
এ ছাড়া ঘটনাটিকে কেন্দ্র করে প্রতারণামূলক বার্তা বা ফিশিংয়ের চেষ্টা বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। তাই অপরিচিত লিংকে প্রবেশ করা কিংবা সন্দেহজনক বার্তার মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
