মাদকবিরোধী অভিযানে বিএনপি নেতা ইশরাক হোসেনের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তবে আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল প্রদর্শনের ক্ষেত্রে ইশরাককে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন রাশেদ খান।
শনিবার (১৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, ইশরাক হোসেন একজন তরুণ ও উদীয়মান নেতৃত্ব। রাজপথে সংগ্রাম করে সারা দেশের নেতাকর্মীদের মন জয় করার মাধ্যমে তিনি প্রতিমন্ত্রীর আসনে বসেছেন। একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ইশরাক বাংলাদেশকে মনেপ্রাণে ধারণ করেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁকে সব সময় প্রবল উদ্দীপনা নিয়ে প্রতিবাদ করতে দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খান বলেন, মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়। তবে মাদকসেবীদের সম্ভাব্য আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করা নিয়ে অনেকে সমালোচনা করছেন। এই সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে ভবিষ্যতে নিজেকে আরও সতর্ক করার আশা প্রকাশ করেন তিনি।
মাদকসেবীদের আচরণের ঝুঁকি তুলে ধরে রাশেদ খান বলেন, তাঁরা জনপ্রতিনিধি, পুলিশ কিংবা প্রশাসনের কর্মকর্তাদের পরিচয় বিবেচনা না করে মাদকের প্রভাবে যেকোনো অঘটন ঘটাতে পারেন। এ প্রসঙ্গে মাসখানেক আগে গাজীপুরে মাদক কারবারিদের পাথর ছুড়ে পুলিশকে আক্রমণ এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।
রাশেদ খান মনে করেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ইশরাক হোসেনের উচিত আরও সচেতন থেকে জনগণকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক উদ্যোগ নেওয়া। এতে মাদকবিরোধী কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়বে এবং উদ্যোগটি মানুষের কাছে প্রশংসিত হবে।
ইশরাকের ভূমিকার বিষয়ে রাশেদ খান আরও লেখেন, সমালোচনার জবাবে ইশরাক জানিয়েছেন, তিনি পুলিশকে খবর দিয়ে মাদকসেবীদের তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি তাঁরা যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলেছেন।
দেশে মাদকের ভয়াবহ বিস্তার এবং পুলিশ-প্রশাসনের কার্যক্রমে দুর্বলতার প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, মাদকের বিরুদ্ধে জনতার প্রতিরোধের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে ভবিষ্যতে আরও সতর্ক থেকে একজন জনপ্রতিনিধি হিসেবে ইশরাক জনদাবি আদায়ে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
