দুই লাখ টাকা ঋণ চেয়ে না পেয়ে ব্যাংক লুটের পরিকল্পনা করার অভিযোগ ওঠেছে কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখার সাধারণ কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন। এ ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কাউসার আহম্মেদ ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ৩টার দিকে ব্যাংকের সব গেট বন্ধ করে নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম ঘুমিয়ে পড়েন। এ সময় ব্যাংকের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন কাউসার। তিনি নিরাপত্তাকর্মীকে ঘুম থেকে ডেকে তোলেন। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং গলায় চাকু ধরে নাইলনের রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। পরে গামছা দিয়ে তার মুখও বেঁধে রাখা হয়।
নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম বলেন, ‘কাউসার ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। আমি কোনোভাবে বাঁধন খুলে দৌড়ে গিয়ে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’
সোহাগী বাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হাসান বলেন, ‘ঘটনার সময় নিরাপত্তাকর্মী মাজহারুলের হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ডাকাতির চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানে এমন ঘটনা খুবই উদ্বেগজনক। গ্রেপ্তার ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘এ ঘটনায় কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউসার জানিয়েছেন, ব্যাংক থেকে ঋণ না দেওয়ায় ভল্টের তালা ভেঙে টাকা লুট করার পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার যুবকের কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে।
