ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইনসহ সব ওষুধ কিনতে হওয়ায় অভিযোগ করলে এক নারীকে স্যালাইন কেনার খরচের এক হাজার টাকা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড পরিদর্শনের সময় শিউলী আক্তার নামে এক রোগীকে স্যালাইন কেনার খরচের এক হাজার টাকা দেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দিয়েছেন সদর উপজেলার শিকারিকান্দা গ্রামের শিউলি আক্তার নামের এক নারী। সন্তান জন্মের পর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এমনকি গ্লাভসও কিনতে হয়েছে তাঁকে। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শনে গেলে তাঁর কাছে এ অভিযোগ করেন শিউলি আক্তার। এ সময় মন্ত্রী দুঃখ প্রকাশ করে স্যালাইন কেনার জন্য শিউলী আক্তারের হাতে এক হাজার টাকা দেন।
শিউলী আক্তার বলেন, গতকাল হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচারে তাঁর যমজ ছেলে হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রয়োজনীয় সব ওষুধ নিজেদের টাকায় কিনতে হয়েছে। সরকারিভাবে কোনো ওষুধ পাননি। এমনকি গ্লাভসও কিনতে হয়েছে তাঁকে। মন্ত্রীকে বলার পর স্যালাইন কেনার জন্য ১ হাজার টাকা তাকে দেওয়া হয়েছে। এতে তিনি খুশি। তবে হাসপাতালের সেবা আরও উন্নত করার পাশাপাশি সব রোগী যেন যথাযথ চিকিৎসা পান, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।
এর আগে সকালে আকস্মিক পরিদর্শনে জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
