খুলনা গেজেট অক্টোবর ১১, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে বিভাগের ১০টি জেলা ও ২টি মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩০৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১১ অক্টোবর ) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩০৪ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫২ জন ভর্তি হয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ১ হাজার ১৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন ১০৫ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
অন্যান্য জেলার মধ্যে যশোর জেলায় ২৮ জন, বাগেরহাটে ২৫ জন, ঝিনাইদহে ২৪ জন, মাগুরায় ২০ জন, কুষ্টিয়ায় ১৭ জন, নড়াইলে ১৪ জন, সাতক্ষীরা জেলায় ১৩ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, চুয়াডাঙ্গায় ১০ জন এবং মেহেরপুর জেলায় ১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১ জন খুলনা জেলায় এবং ১ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৬,২৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪,৬৯০ জন। চলতি বছরে বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬৩ জনের। বছরজুড়ে এ পর্যন্ত রেফার্ড হওয়া রোগীর সংখ্যা ৩৯৭ জন।
খুলনা গেজেট/এএজে
