আসছে ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
২০১১ সালে মুক্তি পেয়েই হইচই বাঁধিয়ে দিয়েছিল বিদ্যা বালান অভিনীত ছবি ‘দ্য ডার্টি পিকচার’। সিল্ক স্মিতার জীবন অবলম্বনে তৈরি সেই ছবি বিনোদন দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল। দেড় দশক পর সেই ছবির সিক্যুয়েল ঘোষণা করলেন প্রযোজক একতা কাপুর।
একটি জনপ্রিয় পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে ছবির সিক্যুয়েল নিয়ে মুখ খোলেন একতা কাপুর। কথা বলতে গিয়ে প্রযোজক জানান, গত ১৫ বছরে সময়ের সঙ্গে-সঙ্গে গল্পের অনেক পরিবর্তন ও বিবর্তন ঘটেছে। এতদিনে তিনি এমন একটি শক্তিশালী ও আকর্ষণীয় গল্প খুঁজে পেয়েছেন, যা তিনি আবার বড়পর্দায় তুলে ধরতে চান।তবে ছবির সিক্যুয়েল নিয়ে আপাতত রহস্য জিইয়ে রেখেছেন একতা। মূল গল্পটি ঠিক কী হতে চলেছে বা এর প্লট কী, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনই ফাঁস করতে চাননি তিনি।
কেমন চলছে ‘শামুক’-এর শুটিং?
পাওয়া গেল অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সাইফাই থ্রিলার ছবি 'শামুক'-এর দারুণ এক আপডেট। ইংল্যান্ডে চলা এ ছবির আন্তর্জাতিক শিডিউলের শুটিং সদ্য শেষ হয়ে গেছে! কণিষ্ক বর্মার পরিচালনায় এবং বিপুল অমৃতলাল শাহের ‘সানশাইন পিকচার্স’-এর ব্যানারে তৈরি হচ্ছে এই বড় বাজেটের ছবি। ইংল্যান্ড, স্কটল্যান্ডের মনোরম ও বৈচিত্র্যময় লোকেশনে টানা কড়া শিডিউল শেষ করে এবার টিম ‘শামুক’ এবার পাড়ি দিচ্ছে মুম্বইতে।
https://www.youtube.com/watch?v=vZCv49OXTLI
সলমনকে নিয়েই শুরু নয়া সিজনের
বলিউডের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নতুন এবং শেষ সিজন নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। আর এবার সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল সবচেয়ে বড় খবরটি! শো-এর নবম সিজনেই করণ জোহরের কাউচে হাজির হচ্ছেন সলমন খান। শুধু তাই নয়, চমকের এখানেই শেষ নয়— এটিই হতে চলেছে এই জনপ্রিয় শোয়ের নয়া সিজনের একদম প্রথম পর্ব! ২০০৪ সালে শুরু হওয়া এই শো শেষ হতে চলেছে এই সিজনের হাত ধরে।
আগামী ১৪ অক্টোবর প্রিমিয়ার হতে চলা এই সিজনের জন্য সম্প্রতি একটি দুর্দান্ত প্রোমো প্রকাশ্যে এনেছেন করণ জোহর। ‘কফি উইথ করণ’-এর সিজন ৯-এর একেবারে নতুন প্রোমোটি শুরুই হচ্ছে সলমন খানের সপাট এন্ট্রি দিয়ে। ক্যামেরার সামনে এসে হাসিমুখে ভাইজানকে বলতে শোনা যায়, “তো আমি আসছি কফি উইথ করণ-এ।”
