কালবেলা · আন্তর্জাতিক
ইয়েমেনে আগস্ট থেকে নিহত ১৫৭৪, আহত প্রায় ৭ হাজার: ডব্লিউএইচও
২৩/১০/২০২৬

ইয়েমেনে গত আগস্টে নতুন করে সংঘাত শুরুর পর থেকে অন্তত ১ হাজার ৫৭৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ হাজার ৯৩৯ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
আনাদোলু এজেন্সির দেখা সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ অক্টোবর পর্যন্ত ইয়েমেনে নিহত ও আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫১৩ জনে। তবে নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে কতজন সাধারণ মানুষ আর কতজন সামরিক সদস্য, তা জানায়নি সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ আট দিনের হিসাবেই ২৯২ জন নিহত এবং ১ হাজার ৪৮ জন আহত হয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার ডব্লিউএইচও জানিয়েছিল, ২০২৬ সালের ৬ আগস্ট সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনে ১ হাজার ২৮২ জন নিহত এবং ৫ হাজার ৮৯১ জন আহত হয়েছেন। পরে হতাহতের সংখ্যা আরও বেড়েছে।
২০১৪ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। এর জেরে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সহায়তা করতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে।
বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলের বড় অংশ, পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা এবং এডেন শহর নিয়ন্ত্রণ করছে সরকারপন্থি বাহিনী ও তাদের মিত্ররা।
মূল প্রতিবেদনে যান ↗