বরগুনার বামনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ সময় পুলিশ ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশ নামে একজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মিছিলের ভিডিওতে দেখা গেছে, ২০-২৫ জনের একটি মিছিল ব্যানার সহকারে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঝটিকা মিছিলের খবর পেয়ে বামনা থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খাঁন বলেন, খবর শুনে পুলিশ তাৎক্ষণিক গিয়ে ধাওয়া করলে ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন পুলিশ ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে। আকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
