ক্যানাডার সেনা প্রশিক্ষণ কেন্দ্রছবি:এক্স
Published on
:
2 min read
ক্যানাডার আলবার্টা প্রদেশে সেনা শিবিরে প্রশিক্ষণের সময়ে অগ্নিকাণ্ড। ঘাসে আগুন লাগার পড়ে ঝোড়ো হাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছে অন্তত চার জনের। আহত হয়েছেন ৩৯ জন সেনাকর্মী। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,সামরিক মহড়া চলাকালীন আলবার্টার ক্যানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে ঘাসে আগুন লেগেছিল। স্থানীয় সময় গত শনিবার ওই আগুন লাগে। সেই সময়ে ঝোড়ো হাওয়ার কারণে ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাতেই মৃত্যু হয় চার জনের বলে জানিয়েছেন আধিকারিকরা। কী কারণে সামরিক মহড়া চলাকালীন ওই সংরক্ষিত এলাকায় আগুন লাগে তা জানতে তদন্ত শুরু করেছে ক্যানাডার সামরিক বাহিনী ও পুলিশ।
এডমন্টন (Edmonton) শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ওয়েনরাইট সামরিক ঘাঁটি ক্যানাডার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র। সেখানে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
ফার্স্ট ক্যানাডিয়ান ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড (Rutland) জানিয়েছেন যে, আগুন লাগার পরেই বিষয়টি জানতে পেরেছিলেন আধিকারিকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করায় তাঁরা প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু বাতাসের দিক হঠাৎ পরিবর্তিত হওয়ায় আগুনের শিখা সৈন্যদের দিকে ধেয়ে আসে। শনিবার (স্থানীয় সময়) দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগার আগে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটারের কম। কিন্তু এর পরেই বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৬ কিলোমিটার হওয়ার কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র ৩০ সেকেন্ডের আগুন এগিয়ে আসে ১ কিলোমিটারের বেশি পথ। এমন যে হবে তা কেউই ভাবতে পারেনি বলেও জানিয়েছে সেখানকার প্রশাসন।
লাটভিয়ায় কাজ যোগ দেওয়া আগে সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন ‘প্রিন্সেস প্যাট্রিশিয়াস ক্যানাডিয়ান লাইট ইনফ্যান্ট্রি’-এর তৃতীয় ব্যাটালিয়নের ৮৫ জন সেনাকর্মী। ওই সেনা শিবিরের তৃণভূমিতে সেই প্রশিক্ষণ চলছিল।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই ঘটনাকে সামরিক বাহিনীর সঙ্গে জড়িত সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলির একটি হিসেবে বর্ণনা করেছেন তিনি।
পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ক্যানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি।
