শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে চার শতাধিক পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রথমবারের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আয়োজিত উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। দুর্গাপূজা উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে দাঁড়াতে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী জানান, এর আগে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের উপহারসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়নি। এবারই প্রথম এ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
