কাটোয়ায় তৃণমূল কর্মী তথা পুরসভার কর্মী অনিন্দ ভাস্কর ওরফে টুবানকে বাড়ি থেকে বের করে পরিবারের সামনে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন শহর সম্পাদক প্রসেনজিৎ মোদকের বিরুদ্ধে। ভাইরাল ভিডিওতে বৃদ্ধ মা, স্ত্রী ও ছোট শিশুর সামনে মারধরের দৃশ্য দেখা গিয়েছে বলে দাবি। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর পুলিশে অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যক্তি। এরপর বুধবার কাটোয়া থানার পুলিশ প্রসেনজিৎ মোদককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাঁকে কাটোয়া আদালতে পেশ করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, বিজেপির নগর সাংগঠনিক সভাপতি সুমন দেবনাথ জানান, প্রসেনজিৎ মোদক কাটোয়া পুরসভার বিজেপির পুর প্রার্থী ছিলেন। বর্তমানে দলের কেউ নন। মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে মারধরের ঘটনা দল সমর্থন করে না বলেও তিনি জানান।