নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ।
দগ্ধরা হলেন- জামাল (৩৮), টিপু (৪৫), ফয়সাল (২৫), রুবেল (৩৫) ও শাজাহান (৩০)। তারা সকলে ওই কারখানারই শ্রমিক।
তিনি আরও জানান, আজ রাতে নরসিংদীর মাধবদী এলাকা থেকে দগ্ধ অবস্থায় ৫ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, রুবেলের ৮ শতাংশ এবং শাজাহানের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় টিপু ও জামালকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকিদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
