জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি করার ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় গায়ক নিজেই মামলাটি করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে মামলাটি হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে নিজের ব্যক্তিগত গাড়ি পার্কিং করে ভবনটির তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন আসিফ আকবর।
শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে কার্যালয়ে থাকা অবস্থায় তিনি বিকট শব্দ শুনতে পান। পরে নিচে পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা দেখতে পান তিনি। এরপর কার্যালয়ে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন আসিফ। এজাহারে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়ক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি বিশাল সেন্টারের গাড়ি পার্কিংয়ের স্থানে যান। সেখানে তিনি আসিফ আকবরের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি করেন। এরপর ওই ব্যক্তি অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
শনিবার রাতে ঘটনার সময় নিজের অবস্থান জানিয়ে আসিফ বলেন, যখন ঘটনাটা ঘটে, আমি অফিসে ছিলাম। তখন সিসিটিভিতে দেখছিলাম। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কিংবা ৫৪ মিনিট হবে। সেসময় আমার গাড়িতে কেউই ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান আসিফ। তিনি বলেন, আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই।
