কালবেলা · আন্তর্জাতিক
নতুন সেতু দিয়ে চীনে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
২৪/১০/২০২৬

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সীমান্তবর্তী শহর দানদংয়ে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) দুই দেশের মধ্যে সদ্য চালু হওয়া নিউ ইয়ালু নদীর সেতু দিয়ে তিনি চীনে প্রবেশ করেন। এ সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয় বলেও জানিয়েছে রয়টার্স।
দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। সেতুটি নির্মাণ শেষ হয়েছিল ২০১৪ সালে। তবে উত্তর কোরিয়ার অংশে সংযোগ সড়ক ও শুল্কসুবিধা প্রস্তুত না থাকায় এত দিন এটি চালু করা সম্ভব হয়নি।
প্রায় তিন কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতুটি দিয়ে দিন-রাত যানবাহন চলাচলের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কনটেইনার ও ভারী পণ্যবাহী ট্রাক চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সেতুটি চালু হওয়ায় দুই দেশের বাণিজ্যে পরিবহনসংক্রান্ত বাধা কমবে এবং পণ্য আদান-প্রদান আরও বাড়তে পারে।
চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী। তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। বিশ্লেষকদের মতে, এতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
কিমের এই সফরের এক দিন পরই কোরীয় যুদ্ধে চীনের যোগ দেওয়ার বার্ষিকী। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা ওই যুদ্ধে চীন উত্তর কোরিয়ার পক্ষে লড়াই করেছিল।
বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাইছে পিয়ংইয়ং। তবে সফর নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কিমের সর্বশেষ জানা চীন সফর ছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে। সে সময় বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন।
সূত্র: আল জাজিরা
মূল প্রতিবেদনে যান ↗