রংপুরে শারদীয় দুর্গাপূজার আয়োজন দেখতে নীলফামারীর সৈয়দপুরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বিশেষ সামরিক বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে নামার পর স্থানীয় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর বিমানবন্দর থেকে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তিনি সড়কপথে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
বিজ্ঞাপন
এসময় সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে কামারপুকুর, চিকলী এবং সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের দু’পাশে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকা অসংখ্য সাধারণ মানুষ, নারী-শিশু এবং উৎফুল্ল দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীর গাড়িবহর ধীরগতিতে এগিয়ে যাওয়ার সময় রাস্তার দু’পাশ থেকে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা ও দলীয় প্রতীক নেড়ে ‘স্বাগতম, স্বাগতম’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। এসময় প্রধানমন্ত্রী গাড়ির গতি কমিয়ে হাত নেড়ে সর্বস্তরের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের এই আবেগঘন অভিবাদনের জবাব দেন।
বিজ্ঞাপন
সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহীন বলেন, উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মাঝে এসেছেন। সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই ধারে মানুষের ঢলই প্রমাণ করে এ অঞ্চলের মানুষ তাকে কতটা ভালোবাসে।
দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের সার্বিক সার্বজনীন আয়োজন, নিরাপত্তাব্যবস্থা ও পূজামণ্ডপ ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, পুণ্যার্থী এবং স্থানীয় সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা সাড়ে ১১টার দিকে রংপুর থেকে পুনরায় সৈয়দপুর হয়ে রাজশাহীতে যাবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সৈয়দপুর, রংপুর এবং রাজশাহী জেলাজুড়ে কঠোর ও নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর এ আগমনে উত্তরাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করছে।
আমিরুল হক/এফএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
