Published on
:
1 min read
অভিনেত্রী সাই এম মঞ্জরেকর তাঁর নতুন ফিল্মের শুটিং শুরু করতে পাড়ি দিলেন এস্টোনিয়ায়। তবে কোন ফিল্মের শুটিং করছেন তিনি, সে বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। আর তাতেই কৌতূহল বেড়েছে অনুরাগীদের। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁকে একেবারে অন্য এক রূপে দেখা যাবে।
সূত্রের বক্তব্য, ‘সাই আপাতত ইউরোপে বেশ কিছু দিন থাকবেন। কারণ তাঁর ফিল্মের কাজ রয়েছে সেখানে। একটি নতুন ফিল্মের শুটিং শুরু হচ্ছে। যতক্ষণ না কোনও অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ততদিন এই বিষয়ে কথা বলা বারণ সকলের। তবে এই নতুন ফিল্মটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা। কারণ এই ছবির মাধ্যমে একেবারে নতুন ভাবে পর্দায় আসতে চলেছেন তিনি। ছবিটি রোম্যান্টিক ড্রামা জ্যঁরের।’
ইউরোপের শরতের ব্যাকড্রপে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। এস্টোনিয়া এই ছবির জন্য সেরা লোকেশন হিসেবে মনে করেছেন নির্মাতারা। তবে এর বেশি আর ছবিটির বিষয়ে কিছু জানা যায়নি। সাই আপাতত অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্রে কাজ করতে চান বলে জানা গিয়েছে। এই ছবির চরিত্রটি তেমনই এক এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার হতে চলেছে, যা দর্শকদের মনে থেকে যাবে বলে দাবি করেছেন নির্মাতারা। তাঁকে শেষ দেখা গিয়েছিল তেলুগু ফিল্ম ‘অর্জুন সন অফ বৈজয়ন্তী’-তে।
আগে শিশুশিল্পী হিসেবে কাজ করলেও নায়িকার ভূমিকায় তাঁকে দেখা যায় ‘দাবাং ৩’ ছবিতে। তার পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নতুন কাজে তাঁর অভিনীত চরিত্রটি কেমন হয় এ বার সেটাই দেখার। এর মাঝে অভিনেত্রীর নতুন কাজ শুরু করা নিয়ে নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
