তাঁর ব্যক্তিত্ব এবং বাণিজ্যিক স্বত্ব ভাঙা হয়েছে, এই অভিযোগ তুলে ‘দুসরা’ সিনেমা মুক্তি স্থগিত রাখা হোক, এই দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি মুক্তিতে বাধা দিল না হাই কোর্ট। তবে সৌরভের তোলা অভিযোগ সত্যি কি না, তা খতিয়ে দেখতে আদালতেই বিচারপতিরা সিনেমা দেখতে চান। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
বিচারপতি বিনোদ কুমার জানিয়েছেন, সিনেমাটি দেখলে তবেই তাঁরা বুঝতে পারবেন সৌরভ ব্যক্তিত্ব ও বাণিজ্যিক স্বত্বের নিয়মভঙ্গের যে অভিযোগ তুলেছেন তা কতটা যথাযথ। পাশাপাশি ‘দুসরা’ সিনেমার পরিচালক এবং প্রযোজককে নির্দেশ দেওয়া হয়েছে, সৌরভের আবেদনের প্রত্যুত্তর দেওয়ার জন্য। সেই উত্তরের ভিত্তিতে ঠিক করা হবে সিনেমার প্রদর্শন স্থগিত করা হবে কি না।
বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশ ভট্ট বলেছিলেন, “ছবির মুক্তিতে আপত্তি জানাতে রাজি নই। সিনেমা মুক্তি পেতে পারে।” সৌরভ দাবি করেছেন, ‘দুসরা’ সিনেমায় এমন কিছু বিষয় দেখানো হয়েছে যার সঙ্গে তাঁর জীবনের ঘটনার মিল রয়েছে। তাঁর আবেদনে ছিল, ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ় জয়, লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো এবং আরও বেশ কিছু ঘটনা হুবহু তুলে ধরা হয়েছে সেই ছবিতে। সিনেমা তৈরির সময় নির্মাতারা তাঁর থেকে অনুমতি নেননি বলেই জানা গিয়েছে।
সৌরভের দাবি, বিনা অনুমতিতে তাঁর জীবনের ঘটনা কোনও ছবিতে ব্যবহারের অর্থ তাঁর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ। ব্যবসায়িক লাভের উদ্দেশেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাই ছবির মুক্তি আটকানোর আবেদন করেছিলেন। তা দিল্লি হাই কোর্ট মানেনি। শুক্রবার ছবিটি দেশজুড়ে মুক্তি পেয়েছে।
সৌরভের জীবনীচিত্র বানাচ্ছেন পরিচালক লাভ রঞ্জন। তাঁর সংস্থার সঙ্গে সৌরভের একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে সৌরভের ছবি, নাম, ক্রিকেটীয় মুহূর্ত ইত্যাদি বিভিন্ন জিনিস বাণিজ্যিক ভাবে কাজে লাগানো যাবে। এই চুক্তি শুধুই লাভ ফিল্মসের সঙ্গে হয়েছে। ফলে অন্য কোনও সংস্থা সৌরভের নাম, ছবি, কোনও ক্রিকেটীয় মুহূর্ত বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে না।
সৌরভের আবেদনে বলা হয়েছে, ‘দুসরা’র যে ট্রেলার প্রকাশিত হয়েছে সেখানেই ভারতীয় দলের অধিনায়ক হিসাবে সৌরভকে এবং ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের বিভিন্ন ঘটনাকে দেখানো হয়েছে। এমনকি ১৩ অক্টোবর এক সাক্ষাৎকারেও পরিচালক অভিনয় দেও জানিয়েছিলেন, কী ভাবে ন্যাটওয়েস্ট ফাইনাল এবং সৌরভের জীবন প্রভাব ফেলেছে ছবির মুখ্যচরিত্র তারার উপরে। তবে নির্মাতাদের যুক্তি, ‘দুসরা’ কোনও জীবনীচিত্র নয়। সিনেমায় যে ভিডিয়ো দেখানো হয়েছে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাদের দাবি, ন্যাটওয়েস্ট ফাইনালের ক্লিপিংস দেখালেই কোনও ক্রিকেটারের ‘ব্যক্তিসত্বা’র নিয়ম ভাঙা হয় না। তা মানতে নারাজ সৌরভের আইনজীবীরা। আগামী ২৯ অক্টোবর আবার মামলাটির শুনানি রয়েছে।
সৌরভের জীবনীচিত্রের শুটিং প্রায় শেষের দিকে। সৌরভের নামভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। সম্প্রতি অষ্টমীতে কলকাতায় এসে তিনি সৌরভের সঙ্গে বিভিন্ন পুজোমণ্ডপে ঘুরে ছবির প্রচার করেছেন।
