টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কাকরাইদ চৌরাস্তা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল খালেক বোকারবাইদ নতুন বাজার এলাকার মৃত বসু চকদারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী আব্দুল খালেক কলা দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেন। পরে তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। দীর্ঘ সময় পার হলেও শিশুটি বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। এর আগে শিশুটি তার মাকে জানিয়েছিল, দাদা খালেক তাকে কলা দেওয়ার কথা বলে ডাকছেন।
একপর্যায়ে শিশুটির মা খালেকের বাড়িতে গিয়ে ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পান। পরে টিনের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে শিশুটিকে পোশাক খোলা অবস্থায় এবং খালেককে ধর্ষণচেষ্টারত অবস্থায় দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় শিশুটির মা চিৎকার করে দরজার ছিটকিনি আটকে দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত খালেক জোর করে ছিটকিনি খুলে পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে আব্দুল খালেককে আসামি করে মধুপুর থানায় মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হকের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাকরাইদ চৌরাস্তা মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মধুপুর থানার ওসি জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এমএ
