এসআইআর প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগ উঠেছে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে। চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এরমধ্যেই কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার ভিডিও ফুটেজ দেখাতে না পারায় ভারতের নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
২০২৩ সালে কর্নাটকের শ্রীনগেরি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। প্রথমে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী টিডি রাজেগৌড়াকে জয়ী বলে ঘোষণা করা হয়েছিল। বিজেপি প্রার্থী ডিএন জীবারাজ এই ফলাফলকে চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেন। এরপর এই কেন্দ্রে ভোট পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়। পোস্টাল ব্যালটের গণনায় ২০১ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী।
বিজ্ঞাপন
এই ফলাফল নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টেও। কংগ্রেস প্রার্থী গণনা এবং পুনর্গণনার ভিডিয়ো ফুটেজ দেখানোর আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জিব সচদেবের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, ভিডিও ফুটেজ ও অন্যান্য নথি প্রকাশ্যে আনা উচিত কমিশনের। নির্বাচন কমিশনের আইনজীবী শেষাদ্রী নায়ডু আদালতে জানান, গণনার ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না।
কমিশনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি দেশটির শীর্ষ আদালত। কমিশনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন দুই বিচারপতি। ভারতের সুপ্রিম কোর্ট কমিশনের উদ্দেশে বলে, ‘কীভাবে আপনারা বলতে পারেন যে আমরা (ভিডিও রেকর্ডিং) খোঁজার চেষ্টা করছি? যা তথ্যপ্রমাণ আপনাদের কাছে আছে, পরের শুনানিতে তা জমা করুন। না হলে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব। আমরা এ ধরনের বাজে অজুহাত শুনব না।’ এই মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
