নারায়ণগঞ্জের বন্দরে আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন ২০ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের পাঁয়তারার প্রতিবাদ জানান তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত মাকসুদা বেগমের ছোট ছেলে ও হামলায় আহত রাসেল ইসলাম জীবন, মেজো ভাই জজ মিয়া, বোন নাসরিন সুলতানা, আনোয়ারা বেগম ও সানোয়ারা বেগমসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে মাকসুদা বেগম হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছেন মামলার পলাতক ২ নম্বর আসামি সামাউন হাবিব ও তার সহযোগীরা। তারা অবিলম্বে পলাতক সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
ঘটনার বিবরণ: গত ১২ অক্টোবর সোমবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের মাহমুদনগর এলাকায় ভাঙারি ব্যবসার পাওনা ১৯ টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকসুদা বেগমকে প্রতিপক্ষের লোকজন নির্মমভাবে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাসেলসহ দুজন গুরুতর আহত হন।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
