নুরুল ইসলাম জাহাঙ্গীর, সুইডেন
সুইডেনে পার্লামেন্ট নির্বাচনের এক মাস পেরিয়ে গেলেও নতুন সরকার গঠন নিয়ে অচলাবস্থা কাটেনি। বিরোধী দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ম্যাগদালেনা অ্যান্ডারসন মঙ্গলবার জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমঝোতায় এখনও পৌঁছাতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য-বামপন্থি জোট ১৭৬টি আসন পায়। অন্যদিকে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন ডানপন্থি জোট পায় ১৭৩টি আসন। তবে সরকারে কোন দলগুলো থাকবে তা নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় আলোচনা এগোচ্ছে না।
সরকার গঠনের সর্বশেষ প্রচেষ্টার বিষয়ে পার্লামেন্টের স্পিকারকে অবহিত করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যান্ডারসন। তিনি বলেন, প্রক্রিয়াটি এখনও যথেষ্ট এগোয়নি এবং অন্য দলগুলোর সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
পার্লামেন্টের স্পিকার আন্দ্রেয়াস নরলেন জানিয়েছেন, অ্যান্ডারসন সরকার গঠন করতে পারবেন কি না, সে বিষয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।
তবে বর্তমান পরিস্থিতিতে ওই ভোটে প্রয়োজনীয় সমর্থন পাবেন না বলে স্বীকার করেছেন অ্যান্ডারসন। তার মতে, পরবর্তী সরকার গঠনের চেষ্টা করার জন্য এবার ক্রিস্টেরসনকে স্পিকারের ম্যান্ডেট দেওয়াই যুক্তিসংগত হবে।
তবে ক্রিস্টেরসনের পক্ষেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করা সম্ভব হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তার প্রচেষ্টা ব্যর্থ হলে পরবর্তী সময়ে আবারও অ্যান্ডারসনের কাছে সরকার গঠনের দায়িত্ব ফিরে যেতে পারে।
বিজ্ঞাপন
নির্বাচনে মধ্য-বামপন্থি জোট সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমঝোতা এখনো অনিশ্চিত। ফলে সুইডেনে সরকার গঠনের প্রক্রিয়া কোন দিকে এগোয়, তা নির্ভর করছে দলগুলোর মধ্যে সমর্থন আদায় ও সমঝোতার ওপর।
এমআইএইচএস/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
