ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নয়জন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন বিভাগ ও ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। একই আদেশে একজন সহকারী পুলিশ কমিশনারের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, পেট্রোল মোহাম্মদপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগে এবং ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহা. জাহিদ হাসানকে ট্রাফিক-লালবাগ জোনে এবং উত্তরা বিভাগের (পেট্রোল) রকিবুল হাসান সাকিবকে ট্রাফিক এয়ারপোর্ট জোনে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপি’র সহকারী পুলিশ কমিশনার এম এম তারিক-উল্লাহকে ডিএমপির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মো. রাইসুল ইসলামকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর এলাকায় পেট্রোল দায়িত্বে, সহকারী পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার মো. শাহিন আলম শাওনকে উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম এলাকায় পেট্রোল দায়িত্বে এবং সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামকে লালবাগ বিভাগে পেট্রোল দায়িত্বে পদায়ন করা হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার শাওন রেজাকে রমনা বিভাগে এবং মো. আশিকুর রহমানকে মিরপুর বিভাগের পল্লবী এলাকায় সহকারী পুলিশ কমিশনার পেট্রোল দায়িত্বে পদায়ন করা হয়েছে।
এদিকে, সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর তাকে ডিএমপির ওয়ারী বিভাগ থেকে ট্রাফিক-লালবাগ জোনে বদলি করা হয়েছিল। নতুন আদেশে আগের সেই বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এই পদায়ন কার্যকর থাকবে।
