আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, টানা প্রায় ১০দিন ছুটি পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী বছর থেকে এই নিয়মে বদল আসতে চলেছে। জরুরি পরিষষেবা হিসাবে পুজোর সময়ে স্বাস্থ্য দপ্তরের ছুটিতে এই পরিবর্তন হবে। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি।
কী বলেছেন স্বাস্থ্যমন্ত্রী?
"স্বাস্থ্য দপ্তর জরুরি পরিষেবা প্রদান করে। বাকি দপ্তরের মত ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজো ছুটি নেওয়া বন্ধ হোক। আজ থেকে সব হাসপাতালে সব বিভাগে যাঁরা যাঁরা আছেন তাঁরা কাজে ফিরে এসেছেন। আগে লক্ষ্মীপূজো পর্যন্ত ছুটি ঠিক করা ছিল। এতদিন এটা রীতি-রেওয়াজের মতো চলত। ১৯৪৭ সালের পর থেকে ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত, সরকারি হাসপাতালে ছুটি ছুটি ভাব। এবার সেটা বন্ধ হল।"
পুজোর ছুটিতে কীভাবে চালু থাকবে পরিষেবা?
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি বলেছেন, "আগামী বছর থেকে ছুটি শুধু সপ্তমী থেকে দশমী পর্যন্ত। স্পেশাল রোস্টার এর মাধ্যমে ছুটি হবে। চার দিন শুধু স্পেশাল রোস্টার হবে। নন মেডিকেল স্বাস্থ্য কর্মীদের শুধু চার দিন ছুটি হবে। চিকিৎসক ও নার্সদের জন্য পরের পুজো থেকে বিশেষ ব্যবস্থা। এটা রাজ্যের সব মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।"
মন্ত্রী, আমলা-সহ দমকল বাহিনীর উদাহরণ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, " সবাইকে আমরা ছুটি ক্যান্সেল রাখতে বলেছি। দমকল যদি ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজো ছুটি নেয়- সেটা অসম্ভব। পুজোতে মন্ত্রী এবং সচিবরা সবাই স্বাস্থ্য ভবনে ছিল। আমরা যদি আসতে পারি, তাহলে অন্যদের অসুবিধা কোথায়? পুজোয় চার দিন ছুটি নিক, বাকিটা আসতে হবে।"
উল্লেখ্য,পুজোর মধ্যে বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসক ও অন্য আধিকারিকদের হাজিরা নিয়ে খোঁজ খবর করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এতেই বাস্তব পরিস্থিতি নজরে আসে শারদ্বত মুখার্জির। তিনি জানতে পারেন, অনুমতি না নিয়েই ছুটি নিয়েছেন কেউ কেউ। এরপরই শুক্রবার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী। তারপরই তিনি পুজোয় স্বাস্থ্য দপ্তরের ছুটিতে প্রয়োজনীয় বদলের কথা জানান।
