দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা। বিয়ের পর এই প্রথমবার একসঙ্গে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন এই তারকা দম্পতি। তাঁদের আসন্ন সিনেমা ‘রণবলী’ মুক্তির আগে আয়োজিত এক প্রচারণামূলক অনুষ্ঠানে বিজয়ের কণ্ঠে দেখা গেল স্ত্রী ও সহ-অভিনেত্রী রাশমিকার প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা।
অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে বিজয় জানান, ‘‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’এর পর এটি তাঁদের একসঙ্গে তৃতীয় কাজ। স্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি বলেন, ‘অভিনেত্রী ও মানুষ -দুই রূপেই এই ছবিতে রাশমিকার অসাধারণ উন্নতি আমি দেখেছি। ওর কাজের প্রতি যে একাগ্রতা ও অদম্য জেদ রয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মনে হয় যেন কোনো মানুষ রোবটের মতো নিরলস কাজ করে যাচ্ছে! ওর এই পেশাদারিত্ব ও সাফল্য দেখে স্বামী হিসেবে আমি অত্যন্ত গর্বিত।’’
রাশমিকাকে নিজের ‘সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী’ উল্লেখ করে বিজয় আরও যোগ করেন, ‘তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা মানে নিজের ঘরে থাকার মতো স্বাচ্ছন্দ্য অনুভব করা। রণবলী সিনেমাতে ‘জয়াম্মা’ চরিত্রের জন্য রাশমিকাই ছিলেন একমাত্র ও সেরা পছন্দ। অন্য কেউ এই চরিত্রে তাঁর মতো প্রাণ ঢালতে পারত না।”
অন্যদিকে, কেবল বিনোদন জগতেই নয়, বাস্তব জীবনেও মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন রাশমিকা মান্দানা। সম্প্রতি এক বিশেষ মানবিক প্রকল্পের মাধ্যমে তিনি ৪০০টি দুস্থ পরিবারকে দত্তক নেওয়ার ঘোষণা দেন। আগামী এক বছর ধরে এই পরিবারগুলোকে প্রতি তিন মাসের খাদ্যসামগ্রী সরবরাহ করবেন এই অভিনেত্রী, যাতে তাঁরা নিত্যপ্রয়োজনীয় খরচ বাঁচিয়ে নিজেদের ভবিষ্যৎ সুন্দর করতে পারেন।
প্রসঙ্গত, রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ঐতিহাসিক ঘরানার হাই-ভোল্টেজ অ্যাকশন সিনেমা ‘রণবলী’ আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে তেলুগু, তামিল, হিন্দি, মলয়ালম ও কন্নড়-এই পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।
