সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকার কারণে শনিবার থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্যন্ত ৪ দিনে বিভিন্ন এয়ারলাইনসের ৮২ টি ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়েছে।
এতে ১৩ হাজার ১১ জন যাত্রী ঢাকা থেকে সৌদিতে যেতে পারেননি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পর্যন্ত এ তথ্য জানিয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, স্থগিত বা বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ঢাকা থেকে সৌদিতে সরাসরি চলাচলরত ফ্লাইট রয়েছে ৩২টি এবং ট্রানজিট ফ্লাইট রয়েছে ৫০টি।
বেবিচক জানায়, সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে স্থগিত বা বাতিল হয়েছে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, সালাম এয়ারের ৪টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি এবং ফ্লাই দুবাই-এর ৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
