চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে বিএনপির দলীয় সমর্থন পেতে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন সম্ভাব্য প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
রোববার (১১ অক্টোবর) আনোয়ারা উপজেলা দলীয় চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলার কালাবিবি দীঘি মোড়ের একটি কনভেনশন হলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য আয়োজিত অনুষ্ঠানে কমিটির কাছে নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেন প্রার্থীরা।
অনুষ্ঠানে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই কমিটির সদস্য মাস্টার মো. রফিক, সরওয়ার হোসেন মাসুদ, দিল মোহাম্মদ মনজু, জাগির আহমদ ও মনছুর উদ্দিন উপস্থিত ছিলেন।
কমিটির তথ্য অনুযায়ী, প্রথম দিনে বৈরাগ ইউনিয়নে চারজন, বারশত ইউনিয়নে পাঁচজন, রায়পুর ইউনিয়নে দুজন, বটতলী ইউনিয়নে ছয়জন, বরুমচড়া ইউনিয়নে একজন, বারখাইন ইউনিয়নে একজন, আনোয়ারা সদর ইউনিয়নে একজন, চাতরী ইউনিয়নে দুজন, পরৈকোড়া ইউনিয়নে পাঁচজন, হাইলধর ইউনিয়নে আটজন এবং জুঁইদণ্ডী ইউনিয়নে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
জীবনবৃত্তান্ত জমা দেওয়া সম্ভাব্য প্রার্থীরা দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে নিজেদের অংশগ্রহণ এবং দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয় তুলে ধরেন। পাশাপাশি দলীয় মূল্যায়নের মাধ্যমে সমর্থন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তি জীবনবৃত্তান্ত জমা দিলেও যাচাই-বাছাই শেষে জনপ্রিয়তা, দলের প্রতি আনুগত্য ও সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনায় চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
The post আনোয়ারায় বিএনপির সমর্থন প্রত্যাশী ৩৬ চেয়ারম্যান প্রার্থী appeared first on বাংলাধারা.
