ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও লিফলেট বিতরণ করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে জেলা শহরের প্রেসক্লাব চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে বাড়ির আঙিনা, আশপাশের নালা ও পানি জমে থাকে—এমন স্থান পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আয়োজকেরা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয়; প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও জনসমাগমস্থলে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ করতে হবে।
র্যালি শেষে বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সুশান্ত পাল, সোহেল রানা ভূঁইয়া ও আব্দুল হেকিম, সদর উপজেলা শাখার সদস্যসচিব নোমান আহমেদ, সদস্য খোকন মিয়া, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার, সোনালী সকালের জুবায়েদ আহমেদ, বিআইডব্লিউটিএর সারেং মো. আল আমিন এবং পথপ্রাণী সুরক্ষা সংগঠক তাসিন আরাফাতসহ অন্যরা।
কর্মসূচি থেকে ডেঙ্গুর ঝুঁকি কমাতে ব্যক্তি, পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
