আমি নয়া দিগন্তের একজন গর্বিত পাঠক বলে মন্তব্য করে নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, সত্যের সঙ্গে প্রতিদিন—স্লোগানটি গত ২২ বছর ধরে আপনারা অনুসরণ করেছেন কাজে, কর্মে, কথায়, প্রজ্ঞায়, মেধায়, শ্রমে ও ঘামে। আজকে নয়া দিগন্ত ২২ বছরের যুবক। নয়া দিগন্তের এই যৌবনে, এই মধ্যগগনে সামনের দিকে একইভাবে এগিয়ে যাক। এর থেকে উত্তরণ ঘটুক, যাতে এর থেকে অবতরণ না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য আমাদের প্রত্যাশা থাকবে।
তিনি বলেন, হয়তো ৫০ বছর পরে বার্ধক্যের দিকে যাবে। একটা প্রতিষ্ঠান ৫০ বছর পর্যন্ত টিকলে মনে করা হয় যে, এটা অনেক দূরে গিয়েছে। আমরা আশা করি, তারা একইভাবে থাকবে এবং পরবর্তী প্রজন্মের হাত ধরে নয়া দিগন্ত এগিয়ে যাবে।
আইনমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের হাত ধরে এগোবে। কারণ আজকেই সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য শুনছিলাম, যা সকাল থেকে আমার মনে পড়েছে—‘এ পৃথিবী আমাদের এবং তোমাদের, নতুন জেনারেশনের জন্য।’ এ পৃথিবী আমাদের এবং তোমাদের, সবার পৃথিবী তোমাদের। কারণ আমরা যখন চলে যাব, তখন নতুন প্রজন্ম যারা আসবে, তাদের জন্য বলছি, নয়া দিগন্ত তাদের হাত ধরে বিগত দিনে যেভাবে সত্যের হাত ধরে এগিয়েছে, নতুন প্রজন্মের হাত ধরেও একই স্লোগান নিয়ে এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, জয়েন্ট নিউজ এডিটর খায়রুল বাসার, চিফ রিপোর্টার আবু সালেহ আকন, সিটি এডিটর আশরাফুল ইসলামসহ অনেকেই।
