ভারতের বিহার রাজ্যে চলন্ত ট্রেনের জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় সন্দেহভাজন এক ব্যক্তির ঝুলে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যাত্রীরা তার হাত ধরে ফেলায় ট্রেনের বাইরে ঝুলতে বাধ্য হন তিনি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি জানালা দিয়ে বাইরে থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় কামরার ভেতরে থাকা যাত্রীরা দ্রুত তার হাত ধরে ফেলেন। ট্রেন চলতে শুরু করলেও তারা তাকে ছাড়েননি। ফলে চলন্ত ট্রেনের বাইরে ঝুলে থাকতে হয় ওই ব্যক্তিকে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ট্রেনটি সামনে এগিয়ে যাওয়ার সময় নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন ওই ব্যক্তি। এ সময় স্টেশনে উপস্থিত লোকজন ঘটনাটি দেখছিলেন। একপর্যায়ে কিছু দূর ঝুলে থাকার পর তিনি স্থানীয় একটি প্ল্যাটফর্মে পড়ে যান। পরে সেখানকার নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ওই ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দেওয়ার পক্ষে মত দিয়েছেন। আবার কেউ কেউ তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন।
সূত্র: এনডিটিভি
এসি/আপ্র/১৪/১০/২০২৬
