রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে নতুন দুটি প্রযুক্তি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পরিকল্পনা অনুযায়ী, মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপন করা হবে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল নির্দিষ্টভাবে তল্লাশি করতেই আধুনিক এই নিরাপত্তা সরঞ্জাম বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা।
ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, নিরাপত্তা সরঞ্জামগুলো সংগ্রহের জন্য ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অনলাইন দরপত্র আহ্বান করা হয়েছে। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ দরপত্র আহ্বান করেন।
বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধন করে দরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল এবং কর্তৃপক্ষের নির্ধারিত সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যাবে।
একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ চুক্তির আওতায় ডিপোতে স্থাপিত নিম্ন ভোল্টেজের বৈদ্যুতিক ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক তদারকি করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনা যাবে।
এমএমটি
-20261024084435.jpg&w=1440&q=75)