মেকআপ নেই, গ্ল্যামারের ঝলক নেই। আছে শুধু অভিনয় আর আবেগ। ক্যারিয়ারের শুরুর দিকের সেই বিশেষ অধ্যায় ফিরে দেখলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তাঁর অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ‘লাভ সোনিয়া’ সিনেমা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির স্মৃতি ভাগ করে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে ছবির পুরোনো মুহূর্তের কথা তুলে ধরে ম্রুণাল লেখেন, ‘যেখান থেকে সবকিছুর শুরু।’ তাঁর কথায়, ‘লাভ সোনিয়া’ শুধু একটি সিনেমা ছিল না, বরং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি অভিজ্ঞতা। গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় থেকে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার এই যাত্রা তাঁর কাছে চিরস্মরণীয়।
ছবিটির জন্য কৃতজ্ঞতা জানিয়ে ম্রুণাল আরও উল্লেখ করেন, সোনিয়া চরিত্রটি তাঁর জীবনে বিশেষ প্রভাব ফেলেছে। সেই অভিজ্ঞতা আজও তাঁর কাছে মূল্যবান।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘লাভ সোনিয়া’ পরিচালনা করেন তাবরেজ নূরানি। মানব পাচারের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে সোনিয়া নামের এক তরুণীর ভয়াবহ অভিজ্ঞতা ও বেঁচে থাকার সংগ্রাম তুলে ধরা হয়। ছবিতে ম্রুণালের অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে।
পরবর্তী সময়ে টেলিভিশন থেকে চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেত্রী। ‘সুপার ৩০’, ‘বাটলা হাউস’, ‘সীতা রামম’ এবং ‘হাই নান্না’র মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।
পুরোনো দিনের সেই কাজকে ফিরে দেখা ম্রুণালের কাছে কেবল স্মৃতিচারণ নয়, বরং নিজের শিকড় ও অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও।
