জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে শ্বশুরবাড়ির পুকুরের পানি সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আবুল কালাম আজাদ। এজন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। এতে ঘটনাস্থলেই ঢলে পড়েন তিনি। স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা করার আগেই তার মৃত্যু হয়।
কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
