ছবি: সংগৃহীত
-->প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত অবগত হন।
একই সময়ে মন্ত্রীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী। তিনি মন্ত্রীর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. আব্দুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. সাহাব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা তার দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা, শুভকামনা ও সুস্থতা প্রত্যাশার বার্তা পৌঁছে দেন।
এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপিকে দেখতে যান। এ সময় তিনি তার চিকিৎসার বিস্তারিত খোঁজখবর নেন এবং শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. আউয়াল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কুমিল্লার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আহসানুল কবীর, শজিমেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোহাম্মদ আলী/এসএন
