প্রতিনিধি, কানাইঘাট · ১৪ অক্টোবর, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় খাদিজা বেগম নামে চার বছরের এক শিশু আহত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চতুল-দরবস্ত সড়কের বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামের ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।
আহত শিশু খাদিজা ওই গ্রামের আব্দুল মুমিনের মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জিরাসহ পিকআপ ভ্যান জব্দ করেছে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামের ব্রীজের পাশে রায়পুর গ্রামের আব্দুল মুমিনের শিশু মেয়ে খাদিজা সড়কের পাশে খেলা করছিল। এ সময় কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট এলাকা থেকে সিলেটগামী বেপরোয়া গতির ভারতীয় জিরাভর্তি পিকআপ গাড়ী শিশু খাদিজাকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানসহ ভারতীয় জিরার বস্তাগুলো উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ঘটনাটির তদন্ত চলছে। তবে এ ঘটনায় আহত শিশু খাদিজার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ এখনও দায়ের করা হয়নি।
গুগলে আমাদের খবর পেতে
