ফেনীতে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কার্যক্রমের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব শাহাদাত হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করার মাধ্যমে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত। এক্ষেত্রে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব শাহাদাত হোসেনকে দলের সব পথ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে তথ্য নিশ্চিত করা হয়।
ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত কালবেলাকে বলেন, অব্যাহতির বিষয়টি কেন্দ্রীয় সংগঠনের মাধ্যমে জেনেছি।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার কালবেলাকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে অব্যাহতির সত্যতা নিশ্চিত করেছেন।
