এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের আসর শুরু হচ্ছে বাংলাদেশের ম্যাচ দিয়ে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতারে শুরু হবে বাংলাদেশের রাইজিং স্টার্স অভিযান।
ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৯ নভেম্বর থেকে কাতারে শুরু হবে প্রতিযোগিতাটি। মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ৫০ ওভারের এই আসরে।
হংকং ছাড়াও ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে আফগানিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’। উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হওয়ার পর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’।
গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে পারে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুইটি। সেমিফাইনালে জায়গা করে নিতে তাই গ্রুপের প্রতিটি ম্যাচের ফলই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের জন্য।
অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। এই গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইটি হবে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের মাঝে। ২২ নভেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
বাংলাদেশের ম্যাচসহ টুর্নামেন্টের সব খেলা অনুষ্ঠিত হবে কাতারের ওয়েস্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে।
গ্রুপ পর্বের লড়াই শেষে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুইটি সেমিফাইনাল। এরপর ২৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্সের।
উল্লেখ্য, উদীয়মান ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই আসর বাংলাদেশের তরুণদের জন্য নিজেদের সামর্থ্য দেখানোর বড় মঞ্চ। ব্যাট-বল হাতে নজর কাড়তে পারলে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা করে নেয়ার পথও তৈরি হতে পারে তাদের সামনে।
