দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। শ্রেয়স আয়ারদের করা ২৪৯ রান তাড়া করে ন’বল বাকি থাকতে জয় পেয়েছিলেন শাই হোপেরা। সিরিজ়ে সমতা ফেরানো সেই জয় সুমধুর হল না ক্যারিবিয়ানদের জন্য। রাঁচী ম্যাচে শৃঙ্খলাভঙ্গের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
প্রাক্তন অধিনায়ক রভম্যান পাওয়েল এবং শারফেন রাদারফোর্ডকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ময়ঙ্ক যাদবের বলে বোল্ড হওয়ার পরে ব্যাট দিয়ে বল মারার চেষ্টা করেন পাওয়েল। আর ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসের ১৩তম ওভারে একটি বলে আম্পায়ার ওয়াইড না দেওয়ায় রাদারফোর্ড আগ্রাসী ভাবে চিৎকার করেন। দু’জন ক্রিকেটারই আইসিসির আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন। পাওয়েল ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার করায় ২.২ ধারা লঙ্ঘন করেছেন। রাদারফোর্ড আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ২.৮ ধারা লঙ্ঘন করেছেন।
খেলা শেষ হওয়ার পর আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে শুনানিতে ডাকেন ম্যাচ রেফারি প্রকাশ ভাট। সে সময় দু’জনেই নিজেদের অপরাধ স্বীকার করে নেন। তাই তাঁদের জরিমানা করা হয়নি।
