চট্টগ্রাম নগরীর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাতজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে খবরের কাগজ বন্ধুজন চট্টগ্রাম। চলতি বছর এসএসসি পাস করা এসব বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর পাশে দাঁড়াতে এই অনন্য উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নগরীর হামজারবাগ এলাকার রহমানিয়া স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর নাহার আলম। বক্তব্য রাখেন খবরের কাগজ বন্ধুজন চট্টগ্রামের সহসভাপতি ভোলানাথ মনোরমা, চট্টগ্রাম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেকান্দর পাশা, রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুর হোসেন, বন্ধুজনের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, উন্নয়ন সংগঠন হেফার প্রেসিডেন্ট নাসিমা শওকত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুরত আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘খবরের কাগজ বন্ধুজন আজ একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বন্ধুজন আজ যাদের পাশে দাঁড়িয়েছে তারা সত্যিকার অর্থে মেধাবী। তারা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সফলতা এনেছে। আমি আশা করি, তারা পরবর্তীতেও ভালো ফলাফল করবেন। শুধু লেখাপড়ায় সহযোগিতা করলে চলবে না। তারা যাতে চাকরি তথা কর্মজীবনে সহজে প্রবেশ করতে পারে, সেজন্য বন্ধুজনসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’
দৃষ্টিপ্রতিবন্ধীদের অভিভাবকদের প্রশংসা করে তিনি বলেন, ‘প্রতিবন্ধী হলে আমাদের সমাজে তাদের বোঝা মনে করা হয়। পরিবার এবং সমাজে তাদের গুরুত্ব দেওয়া হয় না। অযত্ন-অবহেলা করা হয়। কিন্তু এই সাত দৃষ্টিপ্রতিবন্ধীর অভিভাবকরা ব্যতিক্রম চিন্তাভাবনা দেখিয়েছেন। তাই তাদের অদম্য সন্তানরা আজ মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। তারা ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশা রাখি। বন্ধুজনের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।’
রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুর হোসেন বলেন, ‘তারা দৃষ্টিপ্রতিবন্ধী হলেও মেধাবী। কিন্তু শহরের অন্য কোনো স্কুল তাদের ভর্তি করাতে চায় না। রহমানিয়া স্কুল এ ধরনের বিশেষ চাহিদাসম্পন্নদের সুযোগ দেয়। তারা আমাদের বোঝা নয়। তারা ভালো ফল করে আমাদের জন্য সম্মান বয়ে এনেছে। এ ধরনের মহতী উদ্যোগ নেওয়ার জন্য খবরের কাগজ বন্ধুজনকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
ভোলানাথ মনোরমা চট্টগ্রাম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেকান্দর পাশা বলেন, ‘বন্ধুজন শুরু থেকে বিভিন্ন কল্যাণমুখী কাজ করে আসছে। সে ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগ। এটা শিক্ষার্থীদের মনে উৎসাহ যোগাবে বলে আশা রাখি।’
বন্ধুজনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘বন্ধুজন খবরের কাগজের পাঠকদের সংগঠন। এই সংগঠন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। বন্যার্তদের মধ্যে আর্থিক সহযোগিতা, পথশিশুদের কল্যাণমূলক কাজ, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণসহ ইতিমধ্যে অনেকগুলো কাজ বন্ধুজন করেছে। এই সংগঠন ধাপে ধাপে আরও বড় পরিসরে যাবে সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’
উন্নয়ন সংগঠন হেফার সভাপতি নাসিমা শওকত বলেন, ‘খবরের কাগজ বন্ধুজন দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই মহতী উদ্যোগের তিনি ভূয়সী প্রশংসা করেন।’
রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সুরত আলম বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের এভাবে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসতে কাউকে দেখিনি। বন্ধুজন বর্তমান প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে এমন সহযোগিতার হাত বাড়ানোর কারণে আমরা সাবেক শিক্ষার্থীরাও খুশি।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত চৌধুরী, সুস্মিতা সাহা, আবু জাফর মো. তারিক, জেবিনা আফরোজ জেরিন, মুহাম্মদ জসিম উদ্দীন, সৈয়দ আনোয়ারুল হক, মো. জাহিদুল ইসলাম, মো. আবদুস সোবহান, তাহমিনা আকতার বিথী, শৌভিক আচার্য্য, মো. নাছির উদ্দিন ও আবু বকর ছিদ্দিক, খবরের কাগজ বন্ধুজন চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মোক্তার রশিদ, অর্থ সম্পাদক সাদেক বাচ্চু, মানবসম্পদ বিষয়ক সম্পাদক কায়সার পারভেজ, সামাজিক গবেষণা বিষয়ক সম্পাদক জানে আলম তালুকদার।
রিফাত/
