ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনাকালে স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি উপজেলার কংসার দিঘির পাড়সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু, আনসার সদস্য জসিম ও রেজাউল, স্পিডবোটচালক মো. আশরাফুল এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অব নলছিটির সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হান।
আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে স্পিডবোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে কংসার দিঘির পাড়সংলগ্ন সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় ইউএনওসহ অভিযানে অংশ নেওয়া সদস্যরা স্পিডবোটে নদীতে টহল দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দিলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে দ্রুতগতির স্পিডবোটটি নদীর পাড়ে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ইউএনওসহ স্পিডবোটে থাকা সবাই আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেন। অন্য আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, মৎস্য অভিযান পরিচালনার সময় স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা খায়। এতে ইউএনওসহ অভিযানে অংশ নেওয়া কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে স্পিডবোটচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
